রাজধানীর শাহবাগের পরীবাগ ফুটওভার ব্রিজ যেন মৃত্যুফাঁদ। এই ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হলেও এখন তা ঝুঁকিতে পরিণত হয়েছে। কারণ ফুটওভার ব্রিজটির প্রত্যেকটি সিঁড়ি এখন ঝুঁকিপূর্ণ। তবুও মানুষ ঝুঁকি নিয়ে এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করছেন।
আজ সরেজমিন ঘুরে দেখা গেছে, বাংলামোটরের ফুটপাত ধরে ফুটওভার ব্রিজটিতে ওঠার সিঁড়িটির মাঝখানের অংশ ভেঙে গেছে। এছাড়াও ব্রিজটির প্রত্যেকটি সিঁড়িতে ছোট-ছোট ভাঙা রয়েছে। তবে সবথেকে বড় ভাঙা হচ্ছে বাংলামোটর থেকে ব্রিজটিতে ওঠার সিঁড়িতে। এই সিঁড়ির মাঝখানে ভেঙে গেছে। ফলে পথচারীরা আর সিঁড়িটি ব্যবহার করতে পারছেন না। তবে বিষয়টি নিয়ে কোনো সতর্কতা দেওয়া হয়নি। তাই যে কোনো সময় পথচারীরা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
ওই ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মো. আলমগীর। তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি সিটি কর্পোরেশন নজরে রাখা উচিত। কিন্তু ফুটওভার ব্রিজ আছে নাকি নষ্ট হয়ে গেছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কারণ ব্রিজটির নিচেই প্রস্রাব করাসহ নেশা আসর বসানো হয়। এখন ফুটওভার ব্রিজটির দ্রুত সংস্কার প্রয়োজন।’
পরীবাগ মোড়ে দায়িত্বরত ট্র্যাফিক পুলিশ মামুনুর রহমানের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি তো আমরা দেখি না। তবে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি আমার জায়গা থেকে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করবো।’
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ৮ আসামির পাঁচদিনের রিমান্ড
অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলা, ১০ শিক্ষার্থী আহত