বাংলাদেশে চ্যাম্পিয়নস 'ট্রফি'

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের সূচি এখনও ঠিক হয়নি। এটি সম্ভব হয়নি ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের কারণে। তবে যে ট্রফির জন্য লড়াই করবে বাংলাদেশসহ আটটি দল সেটির ট্যুর ঠিকই চলছে। সেই ট্রফি ট্যুরের অংশ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিটি এখন অবস্থান করছে বাংলাদেশে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি বাসভবন প্রঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেছেন।

তিন কেজি এক’শ গ্রামের এ সুদৃশ্য ট্রফিটি এরপর নেওয়া হয় মিরপুরে। আগামীকাল ট্রফি রাখা হবে কক্সবাজারের লাবুণী বিচ পয়েন্টে (সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে)। সকাল ১০টা থেকে হবে প্রদর্শন।

ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

১৯৯৮ সালে ঢাকাতেই আইসিসি নকআউট ট্রফি হিসেবে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। ২০০০ সালে কেনিয়ায় একই নামে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার পর ২০০২ সালে এর নাম পরিবর্তন করে করা হয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

২০১৭ সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত