সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে খ্যাতনামা আন্তর্জাতিক সাতটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েও শেষ মুহূর্তে সরে আসার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালক (পিএসসি) মো. রফিকুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে দরপত্রে অংশ না নেওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করবে।
এদিকে স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জিকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১ লাখ ৬০ হাজার ডলার। প্রতিষ্ঠানটি আগামী দুই মাসের মধ্যে এ-সংক্রান্ত নথিপত্র তৈরি করে পেট্রোবাংলার কাছে জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পেট্রোবাংলার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কী কারণে কেউই দরপত্রে অংশ নিল না তার প্রকৃত কারণ খুঁজে বের করবে উচ্চপর্যায়ের কমিটি। তাদের প্রতিবেদন পাওয়ার পর তা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হবে। এরপর সরকার এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেবে।
