চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ ৩২ করে বিধি সংশোধন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণে সর্বোচ্চ বয়স ৩২ বছর এবং মৌখিক পরীক্ষার নম্বর ও পরীক্ষার ফি কমিয়ে নীতিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনটি গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ সংশোধন করে জারি করা প্রজ্ঞাপনে অনুযায়ী বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি হবে সর্বোচ্চ ২০০ টাকা। আগে এই ফি ছিল ৭০০ টাকা। এ ছাড়া বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এখন থেকে বিসিএসে ১ হাজার নম্বরের পরীক্ষা হবে, আগে ১ হাজার ১০০ নম্বরের পরীক্ষা হতো। এ ছাড়া চাকরির পরীক্ষায় আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছরের স্থলে ৩২ বছর করা হয়।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশে সর্বোচ্চ বয়স ৩২ বছর এবং একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএসে অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। তবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে সর্বোচ্চ চারবারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিদ্যমানের মতো যতখুশি ততবার পরীক্ষায় অংশগ্রহণের বিধান রাখার পক্ষে মত দেওয়া হয়। পিএসসির ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ চারবার বিসিএসে অংশগ্রহণের বিষয়টি বিধিতে যুক্ত হয়নি। এর অর্থ একজন প্রার্থী ২১ থেকে ৩২ বছর বয়সের সময়কালে যতবার ইচ্ছে বিসিএসে অংশ গ্রহণের সুযোগ পাবেন।

এদিকে বিধিমালায় আগে মুক্তিযোদ্ধার কোটা, প্রতিবন্ধী, স্বাস্থ্য ক্যাডার এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষায় বয়স সীমা ৩২ বছর থাকলেও বিধি সংশোধন করে এ-সংক্রান্ত দুটি উপধারা বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ নতুন বিধি অনুযায়ী সবার ক্ষেত্রে ৩২ বছর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত