বাড়তি বেতন প্রত্যাখ্যান করে শ্রমিক অসন্তোষ চলছেই

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ এএম

বার্ষিক বেতন ৯ শতাংশ বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ করার দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের টানা দ্বিতীয় দিনের কর্মবিরতিতে আবারও অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। উদ্ভূত পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে গতকাল বৃহস্পতিবার শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার ছয়টি কারখানা বন্ধ এবং আটটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে নাসা গ্রুপ, ট্রাউজার লাইন ও আল মুসলিম। সাধারণ ছুটিতে থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে নিউ এইজ গার্মেন্টস, নিউ এইজ অ্যাপারেলস, মেডলার অ্যাপারেলা এবং ব্যান্ডো ডিজাইন। এ ছাড়া শ্রমিকরা কারখানায় এলেও কাজ না করে কারখানা থেকে বেরিয়ে গেছে এমন কারখানার মধ্যে রয়েছে নিট এশিয়া লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, ডেকো ডিজাইন লিমিটেড, শারমীন ফ্যাশন, শারমীন অ্যাপারেলস, ইথিকাল গার্মেন্টস, আগামী ফ্যাশন, ক্রসওয়্যার, ফ্যাশন ফোরাম এবং মুন রেডিওয়্যার লিমিটেডসহ আরও কয়েকটি কারখানা।

শিল্প পুলিশ জানায়, গতকাল সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শান্তিপূর্ণভাবে প্রবেশ করলেও অন্তত ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা শুরু করেন কর্মবিরতি। হাজিরা নিশ্চিত করে বিভিন্ন কারখানায় এক থেকে দুই ঘণ্টা অবস্থান করে তারা বেরিয়ে যান। তবে অন্য গার্মেন্টসগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও, কর্মবিরতি পালন ছাড়া কোনো বিশৃঙ্খলা করছে না। সবপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটাতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত