ফিফা র‌্যাঙ্কিং: বাংলাদেশের মেয়েদের চেয়ে ৫৩ ধাপ পিছিয়ে ছেলেরা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। সাবিনা-ঋতুপর্ণা বাহিনীর অবস্থান এখন র‌্যাঙ্কিংয়ের ১৩২তম স্থানে। যাদের হারিয়ে সাবিনারা চ্যাম্পিয়ন হয়েছে, সেই নেপাল চার ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে নেমে গেছে।

গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রথম ম্যাচে দুর্বল পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ড্র করেছিল বাংলাদেশ। এর পেছনে কোচের আপত্তিকর বক্তব্যের দায়ও এড়ানোর সুযোগ নেই। কিন্তু এরপর আত্মশক্তিতে বলীয়ান হয়ে মেয়েরা আর পেছনে ফিরে তাকায়নি। পরের ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে হয় গ্রুপ সেরা। সেমিফাইনালে তারা ৭-১ গোলে হারিয়ে দেয় ভুটানকে।

এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পুরুষ দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে একটি করে জয়-পরাজয়ে তারা র‌্যাঙ্কিংয়ের ১৮৫ নম্বরে আছে। মেয়েদের চেয়ে তারা পিছিয়ে আছে ৫৩ ধাপ। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দল যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। অন্যদিকে ছেলেদের র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচ দল আছে আগের মতোই- আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং ব্রাজিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত