সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা থেকে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ২৮ লাখ টাকা লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর টাকাসহ মামুন হোসেন (২৩) ও মেরাজ হোসেন (৩৫) নামে দুই কর্মচারীসহ একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে কিছু দূরে গিয়ে তাদের নামিয়ে দেওয়া হয়। অবশ্য তারা এখন পুলিশ হেফাজতে আছেন।
উল্লাপাড়া ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু জানান, ঘটনার সময় একটি ব্যাগে করে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে তার দুই কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে পৌঁছে দিতে যাচ্ছিলেন। উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর পাঁচ-ছয়জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে তাদের দুজনের মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
তিনি আরও জানান, অপহরণকারীরা মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তিনি এরই মধ্যে ব্যবস্থা নিতে উল্লাপাড়া থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, অপহৃত দুই কর্মচারীকে তাড়াশ এলাকার বিশ্বরোডের পাশে থেকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসা চলছে। জিজ্ঞাসা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
