সিভিল এভিয়েশনের ওসমান খুন হন চোরাচালানের দ্বন্দ্বে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল এভিয়েশনের অফিস সহায়ক ওসমান সিকদার (৪০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তার তিনজনই সিভিল এভিয়েশনের কর্মচারী। তারা হলেন ইব্রাহিম খলিল, মো. আরিফ এবং বাদল মজুমদার। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান।

পুলিশ জানিয়েছে ওসমান খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই এমরান সিকদার। এতে কতজনকে আসামি করা হয়েছে তা জানাতে পারেননি সিএমপির সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিমানবন্দর সংলগ্ন পতেঙ্গা চরপাড়া লিংক রোডের পাশ থেকে ওসমান সিকদারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওসমান হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাহ গ্রামের মো. শাহ আলম সিকদারের  ছেলে। থাকতেন বিমানবন্দর সংলগ্ন সরকারি আবাসিকের বাসায় (৬/চৈতালি)। এ ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। চোরাচালানির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান খুন হয়েছেন বলে ধারণা ঘটনার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত