সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও মন্দির ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেন (২০)।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস‌‌ উইং।

এতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে শনিবার (১৪ ডিসেম্বর) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঘটনায় আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেনকে (২০) গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত