বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটা কঠিন দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই। গতকাল শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসের অডিটরিয়ামে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বইটিতে সাবেক আইজিপি এনামুল হক তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হব।
তিনি বলেন, লেখক তার কর্মময় জীবনের নানা স্মৃতি এই বইতে তুলে ধরেছেন। নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তারা এটি পড়লে অনুপ্রাণিত হবে। তিনি কর্মজীবনে সবসময় সত্যকে সত্য বলেছেন। এজন্য তিনবার তার চাকরি চলে যায়। আবার তিনি চাকরিতে সসম্মানে ফিরে আসেন।
অনুষ্ঠানে লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ-কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
