বিস্ময়কর এক ড্রয়ের সাক্ষী হলেন রিয়াল মাদ্রিদের ভক্তরা। দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ছিল রিয়াল। পরে এগিয়েও যায়। কিন্তু রায়ো ভায়েকানোর মাঠ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে আসতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে। এতে লা লিগার শীর্ষ ওঠার সুযোগ হারাল রিয়াল।
শনিবার রাতে উনাই লোপেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল মুমিন। দুই মিডফিল্ডার ফেদে ভালভের্দে ও জুড বেলিংহ্যামের গোলে দ্রুতই সমতা ফেরায় রিয়াল। এরপর রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। কিন্তু কিছু সময় পরই ইসি পালাসনের গোলে সমতা ফেরায় ভায়েকানো। ১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
ম্যাচের চতুর্থ মিনিটেই হোর্হে দে ফ্রুতোসের নিখুঁত ক্রসে অরক্ষিত লোপেসের হেড রিয়ালের জালে জড়ালে এগিয়ে যায় ভায়েকানো। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুমিন। পালাসনের দারুণ কর্নার থেকে আড়াআড়ি হেডে তিনি বল পাঠিয়ে দেন জালে। এরপর ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে ব্যবধান কমান ভালভের্দে। চলতি মৌসুমে এটা তার চতুর্থ গোল।
৪৫তম মিনিটে রদ্রিগোর দারুণ ক্রস থেকে দর্শনীয় হেডে বল জালে পাঠান বেলিংহ্যাম। ম্যাচে ফেরে ২-২ সমতা। বিরতির পর ৫৬তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। ৬৪তম মিনিটে পালাসনের গোলে সমতা ফিরিয়ে রিয়ালকে চমকে দেয় ভায়েকানো। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল করতে পারেনি রিয়াল। ১ পয়েন্ট নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।
চতুর্থবার ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে
বাসিত আলির দাবি পিসিবিকে 'ললিপপ' দিচ্ছে আইসিসি