বাসিত আলির দাবি পিসিবিকে 'ললিপপ' দিচ্ছে আইসিসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেল গ্রহণ করার জন্য আইসিসি মূলত পিসিবিকে একটি "ললিপপ" দিচ্ছে।

হাইব্রিড মডেল পাকিস্তান মেনে নিলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতার অবসান ঘটবে। নানা সংবাদ মাধ্যমে খবর পিসিবি হাইব্রিড মডেল মেনে নিয়েছে এবং আইসিসি তাদের কিছু দাবি গ্রহণ করেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেল গ্রহণ করার বদলে পিসিবি দাবি করেছিল, পরবর্তী চক্র শেষ না হওয়া পর্যন্ত সকল আইসিসি ইভেন্ট এই মডেল অনুসারে পরিচালিত হবে (যা ভারত বা পাকিস্তানে)। আইসিসি এই প্রস্তাব মেনে নিলেও পিসিবিকে কোনও আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

এছাড়া, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর জন্য ভারতে যাবে না। দুই দেশের মধ্যে ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে। নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতি আইসিসি জানিয়েছে, ২০২৭ সালের পর পাকিস্তানকে নারীদের একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেওয়া হবে।

এছাড়া, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভারতীয় ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে। বাসিত আলির ক্ষোভ: "ললিপপ দিচ্ছে আইসিসি" বাসিত আলী মনে করেন, এই সিদ্ধান্তগুলো মূলত পাকিস্তানকে ২০২৬ সালে ভারতে পাঠানোর পরিকল্পনার অংশ।

তিনি বলেন, 'পাকিস্তানের দুইটি ইভেন্ট আয়োজনের কথা শুনে সবাই খুশি হবে। কিন্তু এটি আসলে ২০২৬ সালে পাকিস্তানকে ভারতে পাঠানোর জন্য করা হচ্ছে, যাতে ব্রডকাস্টাররা কোনও আর্থিক ক্ষতি না করে।' তিনি আরও বলেন, '২০২৭ বা ২০২৮ সালে পাকিস্তানকে নারীদের বিশ্বকাপ দেওয়ার কথা বলা হচ্ছে। সবাই বলবে, 'ওয়াহ, পাকিস্তান দুইটি ইভেন্ট পেয়েছে!' কিন্তু এর কোনও অর্থ নেই। এটি শুধু একটি ললিপপ, যাতে পিসিবি কিছু লিখিত প্রমাণ ছাড়াই রাজি হয়ে যায়।'

বাসিতের মতে নারী ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোনও লাভ নেই। 'নারী বা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তান কোনও বড় লাভ করতে পারবে না। বরং তাদের উচিত এশিয়া কাপের মতো টুর্নামেন্টের আয়োজন দাবি করা। যদি পিসিবি এই ললিপপ গ্রহণ করে, তারা বড় ক্ষতির সম্মুখীন হবে।'

বাসিত আলির এই বক্তব্য পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আইসিসি এবং পিসিবির ভবিষ্যৎ কৌশল এখন সময়ই বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত