সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ, ভেঙে গলে যাওয়ার শঙ্কা

  • ২০২০ সাল থেকে উত্তর দিকে সরে যেতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ
  • অ্যান্টার্কটিক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে গিয়ে পৌছাবে, ধারণা বিজ্ঞানীদের
  • আটলান্টিকের উষ্ণ পানিতে একপর্যায়ে আইসবার্গটি ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম

নিজ অবস্থান থেকে সরে যাচ্ছে বছরের বেশির ভাগ সময় ঘূর্ণাবর্তে আটকে থাকা বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) ‘এ২৩এ’। দীর্ঘদিন এক স্থানে আটকে থাকার পর পুনরায় সরে যাচ্ছে এটি।

‘এ২৩এ’ নামের এ হিমশৈল আয়তনে ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার (দেড় হাজার বর্গমাইল), যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণের বেশি। হিমশৈলটির ঘনত্ব ৪০০ মিটার (১ হাজার ৩১২ ফুট)। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিক মহাসাগর (দক্ষিণ মহাসাগর নামেও পরিচিত) থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে শিগগিরই তা এ মহাসাগরের উপকূলে যুক্ত হয়।

‘এ২৩এ’–এর পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করেছিল। আর সেখানেই স্থির হয়ে ছিল ৩০ বছরের বেশি সময়।

বিজ্ঞানীরা বলছেন, ‘এ২৩এ’ নতুন করে ২০২০ সাল থেকে উত্তর দিকে সরে যেতে শুরু করেছে। এর আগে সাউথ অর্কনে দ্বীপপুঞ্জের কাছে এক বিশাল পানির ঘূর্ণাবর্তে ঘুরছিল এটি।

হিমশৈলটি বর্তমানে আরও উত্তরে ভেসে চলেছে বলে গত শুক্রবার ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) জানায়। খবর বিবিসি।

বিজ্ঞানীদের ধারণা, এ২৩এ আইসবার্গটি সরতে সরতে শেষমেশ অ্যান্টার্কটিক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে গিয়ে পৌছাবে। সেখানে এই আইসবার্গকে উষ্ণ পানির মোকাবিলা করতে হবে। একপর্যায়ে তা ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে।

বিএএসের সমুদ্রবিজ্ঞানী অ্যান্ড্রু মেইজার্স বলেন, ‘দীর্ঘদিন এক স্থানে আটকে থাকার পর এ২৩এ আবার সরে যাচ্ছে—এটা দেখা রোমাঞ্চকর! এর আগে অ্যান্টার্কটিক মহাসাগর থেকে যেসব বড় হিমশৈল সরে গেছে, এ২৩এ সেই একই পথ অনুসরণ করে কি না, আমরা তা দেখতে উৎসুক।’

অ্যান্ড্রু মেইজার্সসহ ওই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এখন স্থানীয় প্রতিবেশের ওপর হিমশৈলগুলো সরে যাওয়ার প্রভাব পরীক্ষা করে দেখছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত