আকবর আলীর ১৯ বলে ফিফটি, তাইজুলের ৯ ছক্কা হজম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী এখনো জাতীয় দলের ধারেকাছে নেই। তার বিশ্বকাপজয়ী দলের অনেক সতীর্থই জাতীয় দলে নিয়মিত হয়ে গেছে। আকবরের জন্য জাতীয় দলের দরজা খুলতে প্রয়োজন পারফর্মেন্স। চলতি এনসিএল টি-টোয়েন্টিতে আজ সেটাই করে দেখালেন তিনি। তার বিস্ফোরক ফিফটিতে রাজশাহী বিভাগকে ৭ উইকেটে হারাল রংপুর।

আজ রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে সাব্বির হোসেনের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৮৯ রান তোলে রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ ৬ রান করেন। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ১৮ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন। তিনে নেমে সাব্বির হোসেন উপহার দেন ৫২ বলে ৭ চার ২ ছক্কায় ৭৩ রানের আপরাজিত ইনিংস। শেষদিকে ১৫ বলে ৩ চার ৩ ছক্কায় ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গোলাম কিবরিয়া।

রান তাড়ায় নেমে ৫৪ রানের ওপেনিং জুটি গড়েন রংপুরের দুই ওপেনার রিজওয়ান (২৫) আর তানবীর হায়দার। দুজনের মাঝে তানবীর ৪৫ বলে ৮ চার ২ ছক্কায় ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। চারে নেমে ঝড় তোলেন আকবর আলী। ১৯ বলে ফিফটি পূরণের পর থেমে যাননি, দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ২৩৪ স্ট্রাইকরেটে খেলেছেন ২৯ বলে ৪ বাউন্ডারি আর ৬ ওভার বাউন্ডারিতে ৬৮* রানের ইনিংস। ৪ ওভারে ৯টি ছক্কা হজম করে ৬২ রান দেন তাইজুল। ১২ বল হাতে রেখেই রংপুর জয়ের বন্দরে পৌঁছে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত