ইসরায়েলিদের সন্ত্রাসী কিংবা তাদের বংশধর মনে করতেন ব্রিটিশ রানি এলিজাবেথ

  • ইসরায়েলের সাথে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক কঠিন ছিলো
  • দীর্ঘ ৭০ বছরের শাসনামলে কখনো ইসরায়েল সফর করেননি রানি এলিজাবেথ
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

‘প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান’এমনটাই ধারণা করতেন যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। আর এমন দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।

সম্প্রতি লন্ডনে হাইফা’র টেকনিয়ন ইনস্টিটিউট অব টেকনোলজির শতবর্ষপূর্তি অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। খবর টাইমস অফ ইসরায়েল।

ইসরায়েল ইস্যুতে প্রয়াত রানির অবস্থান নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রিভলিন। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিলো। কারণ তিনি মনে করতেন আমরা প্রত্যেক ইসরায়েলিরা হয় সন্ত্রাসী বা সন্ত্রাসীর বংশধর।

তিনি আরও বলেন, রানি কখনোই আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানের বাইরে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে তার প্রাসাদে প্রবেশ করতে দেননি। অন্যদিকে, রিভলিন বর্তমান রাজা তৃতীয় চার্লসকে একেবারেই বিপরীত ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেন এবং তাকে অত্যন্ত ‘বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক’ বলে আখ্যা দেন।

রিভলিন জানান, রাজা তৃতীয় চার্লস অনানুষ্ঠানিকভাবে দুবার ইসরায়েল সফর করেছেন। ২০২০ সালে প্রথমবার আনুষ্ঠানিক সফরে দেশটিতে যান তৃতীয় চার্লস। তবে রানি এলিজাবেথ তার দীর্ঘ ৭০ বছরের শাসনামলে কখনো ইসরায়েল সফর করেননি।

রিভেলিনের মতে, রানি দ্বিতীয় এলিজাবেথের তুলনায় রাজা তৃতীয় চার্লস বরাবরই ইসরায়েলিদের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আচরণ করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত