চট্টগ্রামে যুবদল নেতার মাথা ও পায়ে গুলি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

চট্টগ্রামের রাউজানে আনোয়ার হোসেন নামে স্থানীয় এক যুবদল নেতার মাথায় ও উরুতে গুলি করে অস্ত্রধারীরা পালিয়েছে বলে থানায় মামলা করেছেন স্বজনরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জে হাটের একটি সেতুর ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার সকালে থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করে রাউজান থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আহত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমিরপাড়ার আবদুস সালামের ছেলে। তিনি উপজেলা যুবদল সদস্য বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান।

এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর অনুসারী। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মুহাম্মদ রাসেল বলেন, ‘মূলত আধিপত্য বিস্তার ও মাটি এবং বালু ব্যবসার দ্বন্দ্বে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

জানা গেছে, শনিবার রাতে মাটি কাটাসংক্রান্ত বিষয়ে একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন আনোয়ারসহ কয়েকজন। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে আনোয়ারকে গালাগাল করে তার পায়ে দুটি ও মাথায় একটি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ যুবদল নেতার ভাই মুহাম্মদ দিদার হোসেনও ঘটনার সময় উপস্থিত ছিলেন। 

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সেতুর ওপর দাঁড়িয়েছিলাম তখন। হঠাৎ সেখানে অস্ত্রধারীরা হামলা চালায়। তারা আনোয়ারের শরীরে তিনটি গুলি চালিয়েছে।’ 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, গুলিবিদ্ধ আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়  ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত