১৯৭১, ১৬ ডিসেম্বর : সকাল ৯টা ২০ মিনিট, মুজিবনগরে বাংলাদেশ সরকারের প্রথম সচিবালয় আর প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের দপ্তর। কিছু একটা খবরের অপেক্ষা, কী সেই খবর। বরাবরের মতো সেদিনও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কক্ষের দরজা একটু খোলা। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী অভ্যাসবশে ডান হাতের আঙুল কামড়াচ্ছেন। টানটান উত্তেজনার আর উৎকণ্ঠার মধ্যে কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের সেই অফিসে টেলিফোন বেজে ওঠে। উপস্থিত সবাই বুঝতে পারে ফোনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ খুব গুরুত্বপূর্ণ কেউ ছাড়া এই ফোনে ফোন করা সম্ভব না। কিন্তু কী কথা তাহার সাথে, কেউ বলতে পারে না। হঠাৎই চোখমুখে ফুটে ওঠে আনন্দ। ফোন রেখে প্রধানমন্ত্রী বলেন ‘সবাইকে জানিয়ে দিয়ো, আজ আমরা স্বাধীন। বিকেল ৪টায় আত্মসমর্পণ।’ প্রধানমন্ত্রী নিজেই অবশ্য খবরটি সবাইকে শোনালেন। আর বললেন, কাজের প্রথম পর্যায় শেষ হলো কেবল। এবার দ্বিতীয় পর্যায় দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে সবাইকে।
এর পরপরই কলকাতায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে ডেকে ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকার নির্দেশ দেন। সেদিন বিকেল সাড়ে ৩টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছান বিমান ও নৌবাহিনীর চিফ অফ স্টাফ এবং মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
তাজউদ্দীন আহমদ বলেন, ‘লাখো মানুষের প্রাণের বিনিময়ে এসেছে আমাদের এই বিজয়। আজকের ঘটনা থেকে পাকিস্তান ও তার মিত্ররা কিছু শিক্ষা নেবে বলে আশা করি। সবাই জানতেন, বাংলাদেশে পাকিস্তানিদের পতন আসন্ন। কিন্তু এই ব্যাপারে কিছু সময় নেওয়া হয়েছে। কারণ, বেসামরিক মানুষের যেন কোনো ক্ষতি না হয়, তাই নীরবে তাদের অন্যত্র সরিয়ে নিয়েছে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনী বাংলাদেশে এসেছে আমাদের অনুরোধেই। বাংলাদেশের শত্রুদের আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ বহু রক্ত ও চোখের জলে চিনতে পেরেছে কে শত্রু ও কে মিত্র।’
এ সময় তাজউদ্দীন আহমদ ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক জগজিৎ সিং অরোরা ও তার অধীনস্ত অফিসার ও সেনাদের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ভারত সরকার, ভারতীয় জনগণ, সোভিয়েত সরকার, পোল্যান্ড ও অন্যান্য মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এসব দেশের সাহায্য না পেলে বাংলাদেশ আজ যে ইতিহাস সৃষ্টি করেছে, তা সম্ভব হতো না।’
১৬ ডিসেম্বর মুজিবনগর থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বলেন, ‘বাংলাদেশের রাজধানী শিগগির মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত হচ্ছে। পাকিস্তানিদের যেসব দেশদ্রোহী মদদ দিয়েছিল, তাদের বিচারের জন্য বিচার সংস্থা গঠিত হচ্ছে।’
১৬ ডিসেম্বর দুপুর ১টার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ভারতীয় মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার চিফ অফ স্টাফ মেজর জেনারেল জেএফআর জ্যাকব। এরপর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের হেডকোয়ার্টারে চলে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি, মেজর জেনারেল রাও ফরমান আলি ও মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ। যৌথবাহিনীর পক্ষে ছিলেন মেজর জেনারেল জেএফআর জ্যাকব, মেজর জেনারেল গন্ধর্ভ সিং নাগরা ও কাদেরিয়া বাহিনীর কমান্ডার কাদের সিদ্দিকী।
১৬ ডিসেম্বর কলকাতায় আত্মসমর্পণের খবর পৌঁছলে জনগণ রাস্তায় নেমে উল্লাস করে। এর মধ্য দিয়ে কলকাতার ব্ল্যাক আউটের অবসান হয়। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রেডিওতে আত্মসমর্পণের ঘোষণা হলে কলকাতার পথেঘাটে একে একে আলো জ্বলতে শুরু করে। বিভিন্ন জায়গায় উল্লসিত মানুষ মিছিল শুরু করে। কোথাও আবির মেখে চলছিল হোলি খেলা। শরণার্থী শিবির থেকে দলে দলে পতাকা নিয়ে সবাই রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে, কেউ শুরু করে ফেরার প্রস্তুতি।
বিজয়ের আবেশে মুজিবনগরের বাতাসে ধ্বনি ওঠে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশে^র বিস্ময় তুমি আমার অহংকার।
