সাবেক এমপি ও নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা আকরাম আর নেই

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এসএম আকরাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার জানাজা আগামীকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুকুরপাড় মসজিদে ও দ্বিতীয় জানাজা বাদ যোহর বন্দরের আলীনগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এস এম আকরাম সরকারি চাকরি ছেড়ে (অতিরিক্ত সচিব) ১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির মনোনিত প্রার্থী আবুল কালামের কাছে পরাজিত হলেও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নিযুক্ত হন।

২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দেন। ২০১২ সালে তিনি মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্যে যোগ দেন। ২০১৪ সালে সাত খুনের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করেন। এরপর উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ে পরাজিত হন। অবশ্য এরপর উপনির্বাচনের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। তিনি নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ২০১৪ সালে।  

সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত