ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ এএম

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। গত সোমবার রাতে ঝটিকা মিছিলটি হয়েছে।

এ ঘটনায় গোটা জেলা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়। প্রতিবাদে জেলা শহরের প্রধান সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতির বাড়িঘর ভাঙচুর করারও অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

পুলিশ জানায়, খবর পেয়ে নাশকতার অভিযোগে রাতেই ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ইউনিয়নের গঙ্গাপাড়া এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান শাহীন (৬০), একই ইউনিয়নের মালমারা গ্রামের মৃত আবেদ আলী শেখের ছেলে ইউপি চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক (৫৫) ও গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছিমারচর এলাকার রুস্তুম আলীর ছেলে আওয়ামী লীগকর্মী সোলাইমান হোসেনকে (৬০) গ্রেপ্তার করেন। তাদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ বলেন, হামলার ঘটনায় গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান বাদী হয়ে ১২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২২০ জনকে আসামি করে মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত