দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করেছে থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে দুজন মাদক ব্যবসায়ীকে। জব্দ করা এসব ট্যাবলেটের স্থানীয় বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার সময় উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রাস্তার রনি করাত কলের সামনে থেকে ওই দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
গ্রেপ্তার আসামিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) এবং অপরজন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫)।
পুলিশ জানায়, তাদের কাছে আগে থেকেই খবর ছিল ঘোড়াঘাটের ওপর দিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট নিয়ে যাবে মাদক ব্যবসায়ীরা। তথ্য অনুযায়ী কামদিয়া রাস্তার ওপর তল্লাশি চৌকি স্থাপন করে থানা পুলিশ। সেখানে সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ট্যাপেনটাডোল জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন যাবত মাদকের জমজমাট ব্যবসা করে আসছে। তারা খুচরা এবং পাইকারি এই দুই ভাবেই মাদক বিক্রি করে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা