বাংলাদেশে ভারতীয় চিকিৎসকদের নিয়ে ডা. রফিকের প্রশ্ন 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সকল ভিসা স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে।

আজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে জুলাই-আগস্ট আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল সদস্য মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভারত বাংলাদেশে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়। অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অংকের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন। জনগণের আন্দোলনের ফসল যে সরকার সেই অন্তবর্তীকালীন সরকার কোনও নজর দিচ্ছে না।

স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছে- এমন মন্তব্য করে তিনি বলেন, তারা দেশের বিরুদ্ধে এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ছাড়া বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।

এ সময় বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ডা. ইউনুস আলী, ডা. নবিদ আলম, ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত