মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যা, স্পিডবোট চালক টিপুর দু্ইদিন রিমান্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৫) হত্যার মামলার প্রধান আসামি গ্রেপ্তারকৃত টিপু মোল্লার (৪৫) ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গতকাল মঙ্গলবার দিনগত রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে প্রধান আসামি টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। সে মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে। নিহত যুবদল নেতা শান্ত সরকারের স্পিডবোট চালক ছিল টিপু মোল্লা।

শান্ত সরকার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে টিপু মোল্লাকে দাউদকান্দি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে দিবাগত রাত ১২ টার দিকে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, প্রধান আসামি টিপু মোল্লাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এ হত্যার রহস্য বেরিয়ে আসবে। প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

প্রসঙ্গত গত ৬ নভেম্বর নিহত যুবদল নেতা শান্ত সরকারের ভাই মামুন সরকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও আরো ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত ১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবদল নেতা শান্ত সরকার। পুলিশ বলছে মেঘনা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে তিনি নিহত হয়েছে। পরিবারের দাবী হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। শান্ত সরকার নদীতে যায়নি পর্যন্ত। শান্ত সরকার সদর উপজেলার চরমুশুরা গ্রামের মৃত বোরহান সরকারের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত