বরিশাল নগরীতে ব্যাটারি চালিত অটোক রিকশার ধাক্কায় ট্রাকের পিছনের চাকার নিচে পরে গিয়ে মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী এক নারীর। এ সময় তার সঙ্গে থাকা ১৩ মাস বয়সী শিশু মেয়েসহ দুই সন্তান অক্ষত আছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার জানিয়েছেন।
নিহত মাসুমা খাতুন (২৮) নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী। দুই সন্তানকে নিয়ে তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে নগরীর টেক্সটাইল এলাকায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
প্রতক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, মিজানুর রহমান তার মোটরসাইকেলে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সড়কের বাম পাশ দিয়ে একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। সেই মুহূর্তে ট্রাকের পাশ দিয়ে মোটরসাইকেলটি অতিক্রম করার সময় বাম পাশ থেকে একটি ব্যাটারি চালিত রিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
মোটরসাইকেলটি ট্রাক ও রিকশার মাঝে আটকে পড়ে। চোখের পলকে মোটরসাইকেলটি ডান পাশে কাত হয়ে ট্রাকের পিছনের চাকার নিচে চলে যায়। মিজানুরের স্ত্রী মাসুমা খাতুন (২৮) ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মর্মান্তিক এই দুর্ঘটনায় মিজানুরের সঙ্গে থাকা ১৩ মাস বয়সী শিশু সন্তানসহ দুই শিশু অক্ষত থাকলেও ঘটনাটি যেন গোটা পরিবারে অন্ধকার নামিয়ে এনেছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার জানান, ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২৭৪
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
রাশিয়ার সর্ববৃহৎ পোশাক কোম্পানির উৎপাদন বাংলাদেশে স্থানান্তরের সম্ভাবনা