গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহতের জেরে ঢাকা-ময়মননিংহ মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা দুইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় শহীদ বৃত্তি ক্যাডেট একাডেমির শিক্ষিকা লিজা চৌধুরী হিমা রাস্তা পার হওয়ার সময় কলম্বিয়া এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষিকার মৃত্যু হয়।
এ ঘটনার জেরে বুধবার দুপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই বাস চালকের বিচার, সড়কে জেব্রা ক্রসিং, স্পিড ব্রেকার নির্মাণ এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মিছিল নিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, একটি স্কুলের শিক্ষিকা সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিনঘণ্টা ধরে অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বিকাল ৫টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মোদির স্ট্যাটাসের জবাবে জেএন দীক্ষিতের লেখা তুলে ধরল বাংলাদেশ
পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ