গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ অগ্নিকা- হয়। নিহত ওই শিশুর নাম মিরাজ (৭), সে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। মিরাজ টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার লতা বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষে বাবা-মায়ের সঙ্গে বসবাস করত।
নিহতের স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পেশায় রিকশাচালক মিরাজের বাবা খুরশিদ আলম টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় ভাড়া থাকেন। গত মঙ্গলবার রাতে শিশু মিরাজ দাদির সঙ্গে রাতের খাবার শেষে তাদের নিজকক্ষে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে এলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
