খুলনায় দুর্বৃত্তের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডস্থ আরজান আলী লেনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল রাজমিস্ত্রির কাজ করতেন। সে নগরীর বাবুখান রোডের খালেক কারিগরের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল গিয়াস হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডস্থ আরজান আলী লেনে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পিঠের ডান পাশে লেগে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুল গিয়াস জানান, প্রাথমিকভাবে জানা গেছে ৩/৪ দিন আগে সোহেলের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছিল। হয়তো তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
