ঠাকুরগাঁও

জমি নিয়ে বিরোধে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২১ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধর জেরে শ্যালকের লাঠির আঘাতে আনসারুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমজানখোর ইউনিয়নের মোমিনটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনসার উপজেলার রত্নাই মোমিনটোলার গ্রামের নিয়াশু মোহাম্মদের ছেলে। অভিযুক্ত চাচাতো শ্যালকের নাম আনছার আলী। তিনি একই গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর শ্যালক আনছারের ছোট ভাই নজরুল ইসলামকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আট শতক জমি নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক করা হলেও মীমাংসা হয়নি। বিরোধ চলা জমিতে হালচাষের পর ভুট্টার বীজ বুনছিলেন আনসারুল হক ও তার ছেলে এনামুল হক এবং স্ত্রী সেকিধন। এ সময় তাদেরকে বাধা দেন শ্যালক আনছার আলী ও তার ভাই নজরুল ইসলাম। এ সময় দুপক্ষের মধ্যে মারপিট শুরু হলে শ্যালকের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দুলাভাই।

পরে এলাকাবাসী আনসারুল হক উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনসার আলীকে মৃত ঘোষণা করেন।

নিহত আনসারের স্ত্রী হাজেরা বলেন, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে নজরুল নামে একজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত