গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন

ঐকমত্যের ভিত্তিতে ২০২৫-এর মধ্যেই নির্বাচন সম্ভব

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ এএম

সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, ‘সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।’ গতকাল বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের শীর্ষ নেতারা এসব কথা বলেন।

নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাস্তবে প্রশাসনে স্থবিরতা চলছে। একশ্রেণির আমলারা ব্যক্তিগত এজেন্ডা ও প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্যস্ত রয়েছে।’

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের বিপুল প্রত্যাশা। তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে তাদের দলনিরপেক্ষতা হারায়, তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।’ তিনি রাজনৈতিক দলগুলোসহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার, জাতীয় নির্বাচনসহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত