জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বারী শেখ (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বহুলি ইউনিয়নের বহুলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারী শেখ সদর উপজেলার বহুলী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, কিছুদিন আগে বহুলী গ্রামের নুরনবী জোরপূর্বক বারী শেখের কয়েকটি জমি দখল করে নেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বহুলী বাজারের দিকে যাওয়ার পথে নুরনবী ও তার লোকজন বারী শেখের ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ছাড়া পুলিশ এ হত্যার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে। তিনি তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত