আমাকে মিডিয়া ট্রায়ালে দাঁড় করাবেন না প্লিজ: টয়া

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পিএম

দেশের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর নাম জড়িয়েছে মাদকের সঙ্গে। গণমাধ্যম বলছে এরা হলেন-  তানজিন তিশা, সাফা কবির, মুমতাহিনা টয়া ও সংগীতশিল্পী সুনিধি নায়েক। এই চারজনের সঙ্গে মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে গতকাল থেকে কিছু অনলাইন পোর্টাল খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে মুমতাহীনা চৌধুরী টয়া বলছেন, তিনি এসবের কিছু জানেন না। কোথা থেকে নাম এলো, কেন এলো তার জানা নেই। অভিনেত্রী জানালেন, তিনি তার নাম জেনেছেন গণমাধ্যম থেকেই।

বলা হচ্ছে, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। রয়েছে তথ্য-প্রমাণাদি। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

মিডিয়া ট্রায়ালে দাঁড় না করার আহ্বান জানিয়ে  এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় টয়া দেশ রূপান্তরকে বললেন, কি বলবো , আমি নিজেই খুব বেশি কিছু জানি না! আর বিচারাধীন কোনও বিষয় নিয়ে আমি কোনও কথা বলতে পারবো না। একটাই অনুরোধ সবার কাছে , আমাকে মিডিয়া ট্রায়ালে দাঁড় করাবেন না প্লিজ! আল্লাহ উত্তম বিচারক ,দোয়া করবেন আমার জন্য।

, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির একপর্যায়ে দীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডারসংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন সংবাদমাধ্যমকে বলেন, দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত