বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শোক জানান তিনি।
তারেক রহমান লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও দেশের কৃতি আইনজ্ঞ এ এফ হাসান আরিফের মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে দেশে শুন্যতার সৃষ্টি হলো। আইন পেশায় তার অবদান সহকর্মী ও উত্তরপ্রজন্মের আইনজীবীদের মনে চিরজাগরুক হয়ে থাকবে। আইনের শাসনের ভাবনায় তার অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে।’
হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার বিকেলে হাসান আরিফকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
‘আইন জগত উজ্জ্বল নক্ষত্র হারালো’ হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতি