‘আইন জগত উজ্জ্বল নক্ষত্র হারালো’ হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) এক শোক বার্তায় প্রধান বিচারপতি হাসান আরিফের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়, হাসান আরিফের মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

এ এফ হাসান আরিফ ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়াও তিনি ২০০৮ সালের জানুয়ারি হতে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু হয় তার। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে  হাসান আরিফ মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত