সারা রাত ইবাদতের সওয়াব লাভের আমল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ এএম

এমন কিছু আমল রয়েছে, যেসব করলে সারা রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। হাদিসে বর্ণিত তেমন কিছু আমল উল্লেখ করা হলো।

ফজর ও এশা জামাতে আদায় করা : উসমান ইবনে আফফান (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত (নফল) নামাজ আদায়ের সওয়াব রয়েছে। যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত (নফল) নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে। (তিরমিজি)

সুরা বাকারার শেষ দুই আয়াত : আবু মাসউদ (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, সুরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এ দুটি আয়াতই যথেষ্ট। (সহিহ বুখারি) ইমাম নববী (রহ.) বলেন, অর্থাৎ এই দুটি আয়াত সারা রাত ইবাদতের সওয়াব প্রাপ্তিতে যথেষ্ট। রাতে ১০০ আয়াত পাঠ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় ১০০ আয়াত তেলাওয়াত করবে, তার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। (ইবনে খুজাইমাহ)

উত্তম চরিত্র : আয়েশা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে ইরশাদ করতে শুনেছি, মুমিন নিজ সচ্চরিত্র দ্বারা রোজাদার ও রাতভর ইবাদতকারীর সমান মর্যাদা লাভ করতে পারে। (আবু দাউদ)

বিধবা নারীকে সাহায্য করা : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর মতো অথবা রাতে নামাজে দ-ায়মান ও দিনে রোজা পালনকারীর মতো। (সহিহ বুখারি)

সীমান্ত পাহারা দেওয়া : সালমান ফারসি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহর পথে এক দিন বা এক রাত সীমানা পাহারা দেওয়া এক মাসের রোজা পালন ও নামাজ আদায় করার চেয়ে উত্তম। আর ওই প্রহরী যদি এ অবস্থায় মারা যায়, তাহলে তার আমলের সওয়াব অবিরত পেতে থাকবে, তার জন্য সর্বক্ষণ রিজিক (জান্নাত থেকে) আসতে থাকবে এবং সে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে। (সহিহ মুসলিম)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত