আশুলিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, লক্ষাধিক টাকা লুট

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ এএম

সাভারের আশুলিয়ায় প্রাইভেট কারের গতিরোধ করে লক্ষাধিক টাকাসহ মোবাইল ফোন লুট করেছে ডাকাতরা। এঘটনায় ভুক্তভোগীর ভাই মাসুদ রানা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।  

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক নামক তৈরি পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মো. রেজাউল করিম আশুলিয়ার দক্ষিণ গাজীরচট সিনসিন মোড় এলাকার এন আর এন নিটিং অ্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিজস্ব প্রাইভেট কারে ঢাকার মিরপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে তিনি কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় পৌঁছলে তিন থেকে ৪ জন লোক দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তার গাড়ির গতিরোধ করে। পরে গাড়ির সামনে ও দুই পাশের গ্লাস ভেঙে আতঙ্ক সৃষ্টি করে এবংরেজাউল করিমের সাথে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি রিয়েলমি ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ডাকাতির বিষয়টি স্বীকার করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত