সড়ক সংস্কারে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা

  • শাহজাদপুরে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার
  • সঠিক মাপে দেওয়া হচ্ছে না রড-সিমেন্ট
  • ব্যবহার করা হচ্ছে মাটি মিশ্রিত পাথর ও বালু 
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবমার্সিবল সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের খবর পাওয়া গেছে। সঠিক মাপে রড-সিমেন্ট না দেওয়া, নিম্নমানের বালি ও মাটি মিশ্রিত পাথর ব্যবহার, ঢালাইয়ের পর রাস্তাটি কিউরিং-এর কাজ সঠিকভাবে করা হচ্ছে না বলে জানা গেছে। এ কারণে রাস্তাটির স্থায়িত্বকাল নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার রাস্তার কাজে অনিয়ম করছে এলজিইডি দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে। তাই আপতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। 

জানা যায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের হাসপাতাল মোড় থেকে রেশমবাড়ী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সাবমার্সিবল সড়ক গত ১৫ বছর আগে নির্মাণ করা হয়। এ সড়কটি দিয়ে চলনবিল বিধৌত রাউতারা বাথান এলাকা থেকে গরুসহ কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছায়। একাধিকবার বর্ষার পানিতে ডুবে গিয়ে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে গেলে সম্প্রতি সংস্কারের জন্য প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ইথেন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেরামতের কাজ শুরু করে। তবে স্থানীয়রা রাস্তার কাজে অনিয়মের অভিযোগ করলে রাস্তা ঢালাইয়ের কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী আমির ফারুক সরকার বলেন, কাজটি সঠিকভাবেই হচ্ছে।

উপজেলা প্রকৌশলী এ.এইচ.এম কামরুল হাসান বলেন, ‘আমি ট্রেনিং-এ থাকা অবস্থায় কাজের কিছু অনিয়মের কথা শুনেছিলাম। পরে সেটা সমাধান করা হয়েছে। স্থানীয়দের অসহযোগিতার কারণে রাস্তা ঢালাইয়ের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারকে জানানো হয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত