সাভারের আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার অরেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা।
এতে উপ-পরিদর্শকসহ চারজন আহত হয়েছে। আসামির ভাই একজন যুবলীগ নেতার লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক।
আহত এসআই রবিউল ইসলামকে আহতাবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত আরও তিন পুলিশ সদস্যের নাম-পদবি জানা যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে যায় পুলিশের একটি টিম।
এ সময় ছাত্র হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়ার ভাই রাকিব ভূঁইয়াকে আটক করা হলে তার ভাই যুবলীগ নেতা রাজন ভূঁইয়া ও তার ভগ্নিপতি কালাম মাতবরের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় এএসআই রবিউল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করে।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
