চিরকুট লিখে ক্যান্সার আক্রান্ত বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

চট্টগ্রামে ক্যান্সার আক্রান্ত এক বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকার নিজ বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তার মরদেহের পাশে রেখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার জোহরের নামাজের পর আগ্রাবাদ চৌমুহনী দুবাই হোটেলের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জানা গেছে, আবু সাঈদ সরদার ১৯৭১ সালে চট্টগ্রাম শহরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিবাহিনীর চট্টগ্রাম শহর কমান্ডের ডেপুটি কমান্ডার মৌলভী সৈয়দের ঘনিষ্ঠ ছিলেন।

নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহম্মদ বলেন, 'গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ওই মুক্তিযোদ্ধার বাসভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ফেলা হয়েছে। বাসায় তিনি তার ছেলে এবং ছেলের স্ত্রীর সাথে থাকতেন। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না। তার হাতের লেখা একটি চিরকুট আমরা পেয়েছি। মূলত দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা চললেও শারীরিক যন্ত্রণায় তিনি মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত