মৎস্যবীজ উৎপাদন খামার থেকে অস্ত্র-মাদক উদ্ধার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ এএম

ময়মনসিংহে সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। এ ঘটনায় ফারজানা শান্তা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর কোতোয়ালি মডেল থানায় ব্রিফিংয়ে এসব তথ্য জানান রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান। 

এর আগে রবিবার রাতে নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারের নৈশপ্রহরী হৃদয় মিয়ার (২২) শোয়ার কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় হৃদয় মিয়া (২৪) এবং তন্ময় (২৫) নামে দুই যুবক জড়িত বলে জানিয়েছেন হৃদয় মিয়ার স্ত্রী গ্রেপ্তার হওয়া ফারজানা। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে একটি নাইন এমএম পিস্তল, একটি পুরনো পিস্তল, ম্যাগাজিন, একটি এয়ারগান, সিসা গুলি ১৩০টি, একটি টেলিস্কোপ, একটি সামুরাই, তিনটি চাকু, তিনটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, ১০টি রামদা, একটি ছুরি, একটি ঢেগার, মোটরসাইকেল, পাঁচ বোতল ফেনসিডিল ও ৬০ বোতল বিদেশি মদ।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার থানার এসআই নাহিদ পারভেজ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছেন, বলেও জানান ওসি।   

ব্রিফিংয়ে ডিআইজি আরও জানান, কোথা থেকে কীভাবে এই অস্ত্রগুলো এনে কারা সংগ্রহে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তার হওয়া ফারজানা জানিয়েছেন তার স্বামী হৃদয় ও তন্ময় এসব অস্ত্র এবং মাদক কেনাবেচা করতেন।

ব্রিফিংয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

ওসি সফিকুল ইসলাম খান বলেন, হৃদয় মিয়া চাকরির সুবাদে তার স্ত্রী ফারজানাকে নিয়ে সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারে বসবাস করতেন।

এদিকে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে বিপুল অস্ত্র ও মাদক মজুদের বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক হাছেন আলী। তিনি বলেন, ‘এখানে অস্ত্র ও মাদক কেনাবেচা হয়, কিন্তু আমরা এসবের কিছুই জানতাম না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত