ফাইনালে মেট্রোকে রেকর্ড ৬২ রানে বেঁধে দিলেন রংপুরের বাবু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনালে মুখোমুখি রংপুর ও ঢাকা মেট্রো। টস জিতে আগে বোলিংয়ে নামা রংপুরের হয়ে ১৭তম ওভারটি করছিলেন আলাউদ্দীন বাবু। তৃতীয় বলে রাকিবুল হাসানকে বানালেন আবদুল্লাহ আল মামুনের ক্যাচে। ম্যাচের তৃতীয় ও আসরের ১৯তম উইকেটে স্বাদ পেলেন তিনি। বনে যান আসরের সর্বোচ্চ উইকেটশিকারীও।  সেই সঙ্গে শিরোপা লড়াইয়ে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গেলো গ্রুপ পর্বে ৭টির সবকটিতে জিতে আসা ঢাকা মেট্রো।  নতুন শুরু হওয়া এ প্রতিযোগিতার ট্রফি উচিয়ে ধরতে রংপুরের সামনে লক্ষ্য দাঁড়ালো মাত্র ৬৩ রান।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই পেশী শক্তির প্রদর্শন দেখায় রংপুর। মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দীন বাবুর বোলিং তোপে পাঁচ ওভার না যেতেই ১৬ রানে ঢাকা মেট্রোর ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরে যেতে হয়। সিলেটের চোখ ধাঁধানো স্টেডিয়ামে মুগ্ধ ৩টি ও বাবু তখন ২টি উইকেট শিকার করেন। ঢাকা মেট্রোর ব্যাটিং ধসের শুরুটা করেন মুগ্ধ। তৃতীয় বলেই তিনি ফেরান ইমরানুজ্জামানকে। পরের ওভারে বাবুর হাতে বল তুলে দেন রংপুর অধিনায়ক আকবর আলী। মেট্রো অধিনায়ক ও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখকে শূন্য রানেই থামিয়ে দেন বাবু। 

তৃতীয় ওভারে পর পর দুই বলে আনিসুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবের উইকেট তুলে নেন মুগ্ধ। পঞ্চম ওভারে বাবু এসে তাহজিবুল ইসলামের উইকেট। ষষ্ঠ ওভার মেডেন দেন রবিউল হক। তাতে পাওয়ার প্লেতে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাকফুটে চলে গেছে ঢাকা মেট্রো। শামসুর রহমান ও মোসাদ্দেক হোসেন সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেন কিছুক্ষণ। ১৭ রানের সেই জুটি ভাঙে শামসুরের বিদায়ে। বাকিরা আর কিছু রান যোগ করলেও আর ম্যাচে ফেরা হয়নি মেট্রোর। এই প্রথম কোনো দল দেশের স্বীকৃত কোনো টি-টোয়েন্টি আসরের ফাইনালে ১০০ রানের নিচে অলআউট হলো।

৩.৩ ওভারে ১২ রানে ৩ শিকার বাবুর। ৪ ওভারে মুগ্ধর বোলিং ফিগারও ১২/৩। ১টি করে উইকেট পেয়েছেন চৌধুরী রিজওয়ান, রবিউল হক ও আরিফ আহমেদ। শামসুর শুভ ১৪ ও আবু হায়দার রনি ১৩ রান করেছেন মেট্রোর হয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত