ডাকাত চক্রের চার সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম

রাজধানীর লালবাগ এলাকা থেকে ডাকাত চক্রের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। ডাকাত চক্রের সদস্যরা হলেন মানিক সরদার (৪০), আবদুল জব্বার (৪৮), তমাল হোসেন অভি (২৪) ও মো. মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে লালবাগ কেল্লার মোড় বেড়িবাঁধসংলগ্ন শহীদ নগরের হাজী সেলিমের রডের ডিপোর সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চলিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ডিবি পুলিশের অভিযানে ডাকাত চক্রের আরও দুই-তিন

দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই কর্মকর্তা দাবি করেন, আসামিরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে। পলাতক অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত