সালিশে কিলঘুষিতে কৃষককে হত্যা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল কালাম (৫৮) নামে এক কৃষককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চরপাকেরদহ তেঘরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের আবুল কালাম ওই এলাকার মৃত হোসেন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একখণ্ড কৃষিজমি নিয়ে দীর্ঘদিন থেকে আবুল কালাম ও প্রতিবেশী মো. ইউনুস মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ দুপুরের দিকে একটি সালিস বৈঠক শুরু হয়। সালিশ বৈঠকে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মো. ইউনুস মিয়ার লোকজন আবুল কালামকে কিল-ঘুষি দিতে থাকে। এ সময় আবুল কালাম মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘প্রাথমিক ধারণা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত