চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি রিভলবার ও ১৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ জানতে পারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হওয়া এসব অস্ত্র ও বুলেট চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল। গতকাল বুধবার নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় কাস্টম একাডেমির পেছনে ছিনতাইকারী গ্রেপ্তার অভিযান গেলে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে এসব অস্ত্র ও গুলির সন্ধান মেলে।
পুলিশ জানায়, ছিনতাইকারী চক্রের আনাগোনা বেড়ে যাওয়ায় অভিযানে নামে পুলিশ। অভিযানে ছিনতাইকারী চক্রের কাউকে পাওয়া না গেলেও ঝোপের মধ্যে পাওয়া যায় দুটি বিদেশি রিভলবার।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।’
