দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলা মোটর এলাকায় প্ল্যানাস টাওয়ার সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এতে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন। সন্ধ্যা ৬টায় তাদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
আহত বশির হোসেন খান বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ২০-২২ জনের দুর্বৃত্ত দল রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।’ এর আগে হামলাকারীরা পত্রিকার কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘অফিসে না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়। এমনভাবে এসেছিল, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। তাকে হত্যার টার্গেট করে এ হামলা চালানো হয়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বাংলা মোটর এলাকায় হামলার ঘটনায় আহত চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আইনি পদক্ষেপ নিতে তাদের পরিবারের সদস্যদের শাহবাগ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
