শীতের সড়কে ঝরল ৭ প্রাণ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ এএম

শীতের সড়কে থেমে নেই মৃত্যুর মিছিল। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গতকাল সকালে ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় সাবেক এক পৌর কাউন্সিলর নিহত হন। দিনাজপুরের বিরামপুর মহাসড়কের মির্জাপুর মোড়ে দুটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

এর আগে গত বুধবার রাতে ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী প্রাণ হারান। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ নিহত ৪ : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সিএনজি চালকসহ আহত হয়েছেন আর দুজন।

নিহতরা হলেন নেত্রকোনা জেলা সদর উপজেলা বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), লাভনী আক্তার (১৮) একই উপজেলার সাতপুড়িকান্দা গ্রামের আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী বকুল বেগম (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিটি ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় থেকে ছয়জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ ও তার স্ত্রী বকুল বেগমকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বলেন, এ ঘটনায় আহত দুজন হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর নিহত : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর মুসা মিয়া (৬৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ আসছিলেন নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও নাচোল বাসস্ট্যান্ড এলাকার ইউনুস আলীর ছেলে মুসা মিয়া। সকাল ১০টার দিকে আমনুরা সড়কের আতাহার এলাকায় একটি দ্রুতগতির ট্রাক্টর ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁওয়ে ট্রাকের চাপায় নারী নিহত : ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেলা বেগম (৫২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। তিনি যশরা ইউনিয়নের বখুরা-আঠারদানা গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। গত বুধবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের ভারইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই অটোরিকশা যাত্রী। তারা হলেন ধোপাঘাট গ্রামের নুরুল আমিনের স্ত্রী সেলিনা আক্তার (৫০) ও তার মেয়ে টুনি আক্তার (১৮)। আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফারহানা ফারুক বৃষ্টি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিরামপুরে ট্রাকচালক নিহত : বিরামপুর মহাসড়কের মির্জাপুর মোড়ে গতকাল বৃহস্পতিবার দুটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

দিনাজপুর থেকে কাগজের পুরাতন কার্টুন নিয়ে একটি ট্রাক জয়পুরহাট অভিমুখে যাচ্ছিল। বিরামপুরের মির্জাপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা অন্য ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্টুনবাহী ট্রাকের চালক গোলাম রব্বানী (৪০) গুরুতর আহত হন। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার পারভেজ রব্বানীকে মৃত ঘোষণা করেন। রব্বানী জয়পুরহাট জেলার কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং সড়ক আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত