নিজেদের সাবেক কমিশনারের বিরুদ্ধে প্রথম অনুসন্ধানে দুদক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ এএম

দেশে এই প্রথম দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের মুখোমুখি হতে যাচ্ছেন সদ্য বিদায়ী সংস্থাটির কমিশনার (তদন্ত) জহুরুল হক। দুদকের ইতিহাসে নিজেদেরই কোনো কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারক হিসেবে কর্মজীবন শুরু করা জহুরুল হক পিলখানা হত্যাকা-সহ বিভিন্ন মামলার বিতর্কিত রায় দিয়ে সমালোচিত হয়েছেন।

দুদকের তথ্যমতে, জহুরুল হক ২০১৪ সালের ৪ ডিসেম্বর জেলা দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর আওয়ামী লীগ সরকার তাকে প্রথমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির কমিশনার ও পরে চেয়ারম্যান নিযুক্ত করে। বিটিআরসির মেয়াদ শেষে ২০২১ সালের ১০ মার্চ কমিশনার হিসেবে মো. জহুরুল হক দুর্নীতি দমন কমিশনে যোগদান করেন। চলতি বছরের গত ৩০ অক্টোবর পদত্যাগ করেন। ওইদিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।

দুদকের এক কর্মকর্তা বলেছেন, দুদকের ইতিহাসে কমিশনার পদ মর্যাদার কোনো কর্মকর্তাকে এখন পর্যন্ত অনুসন্ধানের মুখোমুখি হতে হয়নি। এবারই প্রথম দুদকের সাবেক কোনো কমিশনারের বিরুদ্ধে উত্থাপিত অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ দুদক থেকে অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, এর আগে মঙ্গলবার সাবেক কমিশনার মো. জহুরুল হকের পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু হওয়া ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বাংলাদেশ পুলিশ দপ্তরে পাঠানো হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত