পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবি এখন ভূমি কমিশন। আমরা এ কমিশন কার্যকর করার চেষ্টা করছি।’
আজ শনিবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সুপ্রদীপ চাকমা বলেন, ‘ভূমি মন্ত্রণালয় থেকে এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে কমিশনে জনবল নিয়োগ দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। আমরা এ কমিশনকে পুনরুজ্জীবিত করতে চাই।’
এ সময় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সরকারি সকল সুযোগ সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন।
এ দিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নর্বনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সল উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশ্যে ক্ষমা চাইতে স্বাগতাকে লিগ্যাল নোটিশ
যুবদল নেতা নিহতের ঘটনায় ২০ জনকে আসামি করে হত্যা মামলা