নমিনেশন বাণিজ্য ও অরাজকতা ঠেকাতে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেছেন, নমিনেশন বাণিজ্য ও ভোট ডাকাতি থেকে জাতিকে উদ্ধারের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাই। সবাই দলকে ভোট দেবে, দল ঠিক করবে কে এমপি হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর পৌর বাসস্ট্যান্ডে সদর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, আমাদের দেশে টাকা পয়সা, ক্ষমতা নিয়ে মারামারি হয়। নমিনেশন বাণিজ্য করার ফলে এরা আবার টাকা উঠায়। যার ফলে দেশে অরাজকতা সৃষ্টি হয়। এগুলো ঠেকানোর জন্যই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রয়োজন। তবে আগে সংস্কার, তারপরে নির্বাচন। মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের তারিখ ঘোষণা করা প্রয়োজন বলে মনে করি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোট দিতে দেয়নি সাধারণ জনগণকে। কথায় আছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু তাদের কথা হচ্ছে আমার ভোট আমি এবং অপরের ভোটও আমি দেব। মানুষের মাঝে ভোট দেওয়ার উৎসাহও নষ্ট করে দিয়েছিল। তারা জনগণকে ভোটের জায়গায় ভোট দিতে যেতে দেয়নি। গোটা গণতন্ত্রকে কলঙ্কিত করেছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার।
জামায়াতের নায়েবে আমির বলেন, ১৭ বছর জালিম ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের মানুষ সবকিছু থেকে বঞ্চিত ছিল। তারা ভেবেছিলো ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। কিন্তু অপমানিত অবস্থায় ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। মানুষ এখন শান্তিতে আছে। একসময় মানুষ কান্নাও করতে পারতে না।
তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। তখনও বৈষম্যবিরোধী আন্দোলন, ভোটের এবং ভাতের অধিকারের আন্দোলন করেছিল। ৭১ সালের স্বাধীন হওয়ার পর বলেছিলো বৈষম্য দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু কি হলো শেষ পর্যন্ত! বৈষম্য তো দূর হয়নি, গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল। যারা শুধু নিতেই জানে তারা তো বন্ধু হতে পারে না। ভারতের গোলামি করতে করতে দেশকে শেষ করে দিয়েছে। এখনো তারা জনগণের ভাষাই বুঝতে পারে না।
চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, ইসলামী ছাত্রশিবির শহর সভাপতি মো. ফারুক হোসেন।
জুলাই গণহত্যার বিচার এক বছরে শেষ হবে: চিফ প্রসিকিউটর
ক্ষমতায় যাওয়ার আগেই অনেকে চাঁদাবাজি করছেন: উপদেষ্টা সাখাওয়াত