বগুড়া-মাদারীপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

বগুড়ায় শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকায় গভীর রাতে সাঈদ (৪০) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন। এর আগে শুক্রবার রাতে সাঈদকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

নিহত সাঈদ পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি অটোভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন।

নিহত সাঈদের ভাই রিপন জানান, গত শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা সাঈদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদের বাবা ইউসুফ আলী বলেন, ‘সাড়ে ৫ শতাংশ জায়গা ছিল। সেটা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি। এ নিয়ে একটি পক্ষের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। তবে আমার ছেলেকে কী কারণে, কারা হত্যা করেছে তা এখনো বুঝতে পারছি না। আমার ছেলে হত্যার বিচার চাই।’

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ‘সাঈদ হত্যা নিয়ে এখনো কিছু জানতে পারিনি। আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে, মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দোকানে প্রবেশ করে এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে তপন (৩৮) নামে এক ব্যক্তি। গতকাল শনিবার বিকেলে সদর থানার পুরান বাজার সংলগ্ন স্বর্ণপট্টির যাদব ঘৃত ভান্ডারের কর্মচারী গৌতমকে বসুকে (২৫) কুপিয়ে হত্যা করে সে। এ ঘটনায় অভিযুক্ত তপনকে আটক করেছে পুলিশ।

নিহত গৌতম সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের হারান বসুর ছেলে এবং আটক তপন বনগাঁ গ্রামের সানিন্দের ছেলে।

পুলিশ জানায়, মাদারীপুর সদর থানার পুরান বাজার সংলগ্ন স্বর্ণপট্টির যাদব ঘৃত ভান্ডারের কর্মচারী গৌতমকে পূর্ব শত্রুতার জেরে তপন দোকানের ভেতরে প্রবেশ করে ধারালো দা দিয়ে ঘাড়ে একাধিক কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা গৌতমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

সদর থানার ওসি মামুন জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আসামি তপনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত