টোল প্লাজায় নিহত ৬

১ দিন আগে পুরনো বাস ঘষেমেজে সড়কে নামানো হয়

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ^রী সেতুর টোল প্লাজায় ছয়জনের জীবন নেওয়া বাসটি ঠিক এক দিন আগে রঙ করে সড়কে নামানো হয়েছিল। গতকাল রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া।

তিনি বলেন, বাসটির চালক নুর উদ্দিন গ্রেপ্তারের পর জানিয়েছে দুর্ঘটনার এক দিন আগে রঙ করে পুরনো বাস ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলে জন্য সড়কে নামায় মালিকপক্ষ।

গত শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার অদূরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ^রী সেতুর টোল প্লাজায় বেপারী পরিবহনের দ্রুতগতির বাস সামনে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পিষে দিলে ছয়জন নিহত হয়।

গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠাল বাড়ি ইউনিয়নের আবদুল লতিফকান্দি বেপারিকান্দি গ্রাম থেকে পরিবহন পরিচালক ডাবলুকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিক বেপারির ছেলে।’ এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুর উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ভোলার দৌলতখানের মধ্য জয়নগর গ্রামের রফিক মিস্ত্রির ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত