দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেল ৫৭৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৪ জন। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ১৩০ জন।
সোমবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ১৩০ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।
১৪১ জন ডেঙ্গুরোগী ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৯৯ হাজার ৯০২ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৭৩ জন মারা গেছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন দেশ পুনর্গঠন করতে হবে: তারেক রহমান
মামলা নিয়ে বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল 